দলীয় এমপিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা বিএনপির

দলীয় এমপিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা বিএনপির

ফন্ট সাইজ:

এয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন,  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী, তিনি বিএনপির সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন।
এমপিদের রুদ্ধদ্বার এই কর্মশালায় উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেন প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন।

এই কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা জানান, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে। অভিজ্ঞ এমপিরা তাদের অভিজ্ঞতা নতুন এমপিদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্যে।

আগামী ১২ মার্চ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে সকাল ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
এই অধিবেশনকে সামনে রেখে বিএনপি নিজেদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীন এমপিরা এই প্রশিক্ষণ কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদের এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব এবং ভূমিকা কী হবে তা তুলে ধরবেন।
দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা, বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং আগামীকাল শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের  এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।
এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন। যার মধ্যে ১৪৬ জন প্রথম বারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।
বিএনপির একজন সিনিয়র নেতা জানান, এই কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, প্রেসিডেন্টের ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয়, সংসদ অধিবেশনে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করা প্রভৃতি বিষয়ে দলের দিক-নির্দেশনা দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন