যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় অন্তত ২০০ শিশু নিহত: ইউনিসেফ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় অন্তত ২০০ শিশু নিহত: ইউনিসেফ

ফন্ট সাইজ:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যজুড়ে অন্তত ২০০ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি এই ভয়াবহ পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইউনিসেফ-এর তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া এই সামরিক উত্তেজনায় সবচেয়ে বেশি শিশু মারা গেছে ইরানে। দেশটিতে ১৮১ জন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া লেবাননে সাতজন, ইসরাইলে তিনজন এবং কুয়েতে একজন শিশু প্রাণ হারিয়েছে।

এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু যুদ্ধের চড়া মূল্য তাদেরই দিতে হয়। মধ্যপ্রাচ্যজুড়ে এই সামরিক সংঘাত শিশুদের ওপর ইতিমধ্যে এক বিধ্বংসী প্রভাব ফেলেছে।

সংঘাতের ভয়াবহতা ফুটে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি ঘটনায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রথম দিনেই মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয় আক্রান্ত হয়। এতে অন্তত ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে চলমান সংঘাতের অন্যতম হৃদয়বিদারক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছে। ইউনিসেফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার এবং বেসামরিক এলাকায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন