ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে চায় এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন ট্রাম্প।
তিনি বলেন, 'ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে।
ভেনেজুয়েলার নেতৃত্ব পরিবর্তনের সময় যেমন ভূমিকা ছিল, ইরানের ক্ষেত্রেও তেমন যুক্তরাষ্ট্রের প্রভাব থাকা উচিত।'
ট্রাম্প বলেন, 'তারা সময় নষ্ট করছে। খামেনির ছেলে দুর্বল নেতা। আমরা এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি ইরানে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারবেন।'
তবে ট্রাম্প বলেছেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতা মেনে নেবেন না, যিনি আগের মতোই নীতি অনুসরণ করবেন।
দৃশ্যত ট্রাম্প চান, ইরানে এমন এক শাসনব্যবস্থা গড়ে উঠুক, যা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। সেই লক্ষ্যেই ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকতে চান তিনি।
