লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার ভোরে একাধিক হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, এসব হামলা ইসরাইলি স্থলবাহিনীকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওইসব সেনার মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে লেবাননের ভূখণ্ডে প্রবেশ করা সেনারাও রয়েছে। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা কয়েকটি স্থানে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে লেবাননের ভেতরে অবস্থিত মারুন আল রাস এবং কেফার কিলা এলাকাও রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ ইসরাইলের দখলকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইয়োভ মিলিটারি ক্যাম্প এবং ইসরাইলের হাইফা বন্দরে থাকা একটি নৌঘাঁটিতেও হামলা চালিয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে হিজবুল্লাহ লেবাননের বিতর্কিত সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী ইসরাইলি বসতি স্থাপনকারীদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করে।
