রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দোকান মালিক আমিনুল ইসলাম মনার দাবি- তার দোকান থেকে অন্তত ৭০ ভরি সোনা, ১৫০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৪০ টাকা চুরি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গোড়ান ট্যাম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় ‘আশিকে রাসুল জুয়েলার্স’ নামের ওই দোকানটি অবস্থিত। বুধবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তিনি বলেন, দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছে মালিকপক্ষ। এছাড়া নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
সরজমিন দেখা যায়, চারতলা ভবনের নিচতলায় রাস্তার পাশেই ওই আশিকে রাসুল জুয়েলার্স। এর পাশে ব্যাংকসহ আরও বেশ কয়েকটি দোকান রয়েছে। আর আশিকে রাসুল জুয়েলার্সের ঠিক পাশেই রয়েছে শাহরিয়ার হোমিও হল নামে একটি দোকান। সেই হোমিও হলের ভেতর থেকেই দেয়াল ভেঙে জুয়েলার্সের মধ্যে বুধবার রাতে প্রবেশ করে দুর্বৃত্তরা। দোকানে ঢোকার পর সব চুরি করে নিয়ে গেছে। এমনকি দোকানের ভেতর থাকা সিসিটিভি ফুটেজও নিয়ে গেছে চোরের দল। স্থানীয়রা বলছে, দীর্ঘদিন রেকি করেই এই চুরি করা হয়েছে।
রাজধানীতে স্বর্ণের দোকানের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরি
স্টাফ রিপোর্টার
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
