অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে ‘স্বঘোষিত রাজসাক্ষী’- উল্লেখ করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের অপসারণ দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান- জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ডা. তাহের দাবি করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. খলিলুর রহমান লন্ডন যড়যন্ত্রের প্রধান হোতা। কাজের পুরস্কার হিসেবে তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তাকে অপসারণ করার পাশাপাশি অন্য যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে।
সংবাদ সম্মেলনে তাহের বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যা থেকে খবর আসতে থাকে, নানা জায়গায় কেন্দ্র দখল ও জাল ভোট দেয়া হয়েছে। আমাদের এজেন্টদের জোর করে বের করে দেয়া হয়েছে এবং অনেক জায়গায় শুরুতে ঢুকতেই দেয়া হয়নি। প্রিজাইডিং অফিসার ও এজেন্টদের যোগসাজশে ব্যালট কাটার ব্যাপক অনিয়মের খবর আমাদের কাছে এসেছে। প্রায় ৫৩টি আসনে আমরা অফিশিয়ালি অভিযোগ দাখিল করেছি এবং সেই ভিত্তিতে আইনি লড়াই অব্যাহত রাখবো।
ইতিমধ্যে আমরা একজন ‘রাজসাক্ষী’ পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, সেই রাজসাক্ষী হচ্ছেন সাবেক উপদেষ্টা এডভোকেট রিজওয়ানা হাসান। তিনি একজন সাংবাদিকের কাছে প্রকাশ করেছেন যে, যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দেয়া হয়নি।
আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে অভিযোগ এনেছিলাম জানিয়ে তাহের বলেন, অন্তর্বর্তী সরকার নিজেকে নিরপেক্ষ দাবি করলেও তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। নীতিগতভাবে কথা ছিল যে, উপদেষ্টারা পরবর্তী কোনো দলীয় সরকারে অংশগ্রহণ করবেন না। অথচ সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা তার আগের শপথের পরিপন্থি। এটা স্পষ্ট যে, খলিলুর রহমান ছিলেন ‘লন্ডন কন্সপিরেসি’র প্রধান। সেখান থেকে তিনি ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে সুবিধা দেয়ার জন্য কাজ করেছেন এবং পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন।
ডা. তাহের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের বিষয়ে বলেন, সম্প্রতি তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, ‘যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধীদলে থাকলেও আমরা তাদের মূলধারা বা প্রধান শক্তি হিসেবে আসতে দিইনি।’ এই বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, জাতীয় নির্বাচনে যে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, তিনি নিজেই তা স্বীকার করে একপ্রকার রাজসাক্ষী হলেন।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের ব্যাপারে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্ক, ব্যবসায়-বাণিজ্য বিষয় নিয়ে কথা হয়েছে এবং তাদের এআই সেক্টরে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। আমরা ইসরাইল-ইরান যুদ্ধ প্রসঙ্গে তাদের বলেছি যে, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কূটনৈতিক চ্যানেলে আলাপ-আলোচনার ভিত্তিতে সব সমস্যার সমাধান হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মো. মনির উপস্থিত ছিলেন।
