মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ শব্দটি আর শুনতে চাই না। কোনো ধরনের মাস্তানি বা চাঁদাবাজি টলারেট করা হবে না। গতকাল দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসের রহমান স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, চাঁদাবাজি করলে তো সেটি দলের নাম ভাঙিয়ে করতে হবে। সে যেই দলেরই হোক, ছাড় দেয়া হবে না। এ বিষয়ে কোনো টলারেন্স থাকবে না। পুলিশ প্রশাসনের দায়িত্ব প্রসঙ্গে বলেন, মানুষ যেন থানায় গিয়ে নির্বিঘ্নে সেবা নিতে পারেন। কোনো অভিযোগ যেন না থাকে। আবার কোথাও কোনো পুলিশ সদস্য বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিতে হবে।
এজন্য তিনি ওসিকে বিশেষ নির্দেশনা দেন। তিনি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে চাঁদাবাজি শব্দটি আর শোনা যাবে না। একইভাবে কিশোর গ্যাং শব্দটিও তিনি আর শুনতে চান না। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কঠোর নির্দেশনা জারি করেছেন।
ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি বলেন, আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। স্থানীয় উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। তিনি বলেন, যাতে কেউ সরকারি সেবা নিতে এসে হয়রানির শিকার না হন সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সভায় সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা স্ব স্ব বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং এমপি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরপর নাসের রহমান উপজেলা কম্পাউন্ডে নারিকেল গাছের চারা রোপণ করেন। এসময় জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই’
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
