লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে মারামারি ঠেকাতে গিয়ে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতা ও স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেন মিশোরী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুর বাজারের মেইন রোডে হান্নানের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরি (৫৫) নামে একজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বেলাল উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল।
ঘটনার পর রায়পুর মেইন সড়ক জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রায়পুরে অটোরিকশা চালকের ঘুসিতে যুবদল নেতার মৃত্যু
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
