ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু খুন

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়। বৃহস্পতিবার ভোররাতে পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, বাবু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সে ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতো। এই বাহিনী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাই করতো। ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিলার বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন ও লিটনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পঞ্চবটি মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন