দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: ড. মোশাররফ

ফন্ট সাইজ:

দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দাউদকান্দি উপজেলার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে দাউদকান্দির ইউএনও এবং সরকারি কর্মকর্তাগণ নবনির্বাচিত এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। এ সময় মোশাররফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। জনগণের সেবাধর্মী কর্মকাণ্ডে সরকারি কর্মকর্তাদের ইচ্ছাকৃত কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন কিংবা অনিয়ম কিছুতেই বরদাশত করা হবে না। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোর হস্তে দমন করতে হবে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স নীতি। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। মোশাররফ গত ১৬ দিনের প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম ও গণমুখী ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, ইনশাআল্লাহ্, তারেক রহমানের হাত ধরেই আগামী দিনে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। তিনি বলেন, জনগণের সহযোগিতা এবং সর্বোপরি আপনাদের ত্যাগ ও পরিশ্রমে আগামী পাঁচ বছরে বিএনপি’র ইশতেহার তথা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এই জাতির স্বপ্ন পূরণ হবে।
এমপি ড. মোশাররফ বলেন, দেশের মানুষ বিএনপি’র ওপর বেশি ভরসা করে। সে বিশ্বাস থেকেই জনগণ বিপুল ভোটে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরাও জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। বিএনপি’র এই বর্ষীয়ান নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার অনন্য দলিল। তিনি (তারেক রহমান) ইশতেহার ঘোষণাকালে রাষ্ট্র ও জনকল্যাণে যেসব বিষয় উপস্থাপন করেছেন, সেগুলোর মধ্যে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সর্বস্তরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালু, সেচ সুবিধার জন্য খাল খনন, বৃক্ষরোপণ, দুর্নীতিমুক্ত ও মানবিক চিকিৎসা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা এবং তরুণদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি কার্যক্রম অন্যতম। এসব কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। সরকারের গৃহীত এইসব কর্মসূচি বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা খুবই অপরিহার্য। মোশাররফ হোসেন প্রজাতন্ত্রের সেবক হয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন