নিখোঁজের চারদিন পর স্বামীর লাশ শনাক্ত করলেন স্ত্রী

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জামালগঞ্জে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা লাশটির পরিচয় শনাক্ত করেন। নিহতের নাম আব্দুল হামিদ (৫৩) বলে নিশ্চিত করেছে তার স্ত্রী নূরেজা বেগম (৩০)। নিহত হামিদ বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের বাসিন্দা। তবে তিনি জামালগঞ্জ উপজেলার তেলিয়া লামাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার তেরানগর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে তাহিরপুর-জামালগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী জামালগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। স্ত্রী নূরেজা জানান, তার স্বামী গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। তার দেয়া বর্ণনার সঙ্গে উদ্ধার হওয়া লাশের বিবরণ মিলে গেলে পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি লাশটি স্বামীর বলে শনাক্ত করেন। নিহতের স্ত্রী জানান, তার স্বামীর কারও সঙ্গে পূর্ব শত্রুতা ছিল না। তাদের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ব্যাপারে ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার জানান, লাশের অবস্থা দেখে মনে হচ্ছে ঘটনাটি হয়তো ৫ থেকে ৬ দিন আগের। তবে ঘটনাটি অন্য কোথাও ঘটিয়ে লাশটি রাতের আঁধারে দুর্বৃত্তরা হয়তো এখানে ফেলে গেছে। তাহিরপুর-জামালগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় জানিয়েছেন-প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সুনির্দিষ্ট আলামত সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন