ভারতের শিমলায় আগামী ৮-১১ই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার এই আসরে অংশ নিতে কোমর বেঁধে নেমেছে বাংলাদেশ। সেই লক্ষ্যে সাভারের জিরানীতে অবস্থিত বিকেএসপিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা দলের নিবিড় আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। এবারের চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতির কোনো খামতি রাখতে চাইছে না ফেডারেশন। হাতে সময় কম থাকায় আসন্ন ঈদুল ফিতরেও কোনো ছুটি পাচ্ছেন না খেলোয়াড়রা। ক্যাম্পের ১৬ জন খেলোয়াড়কে নিয়ে ৩৩ দিনের এই দীর্ঘ আবাসিক প্রশিক্ষণ চলবে। ক্যাম্পের টিম ম্যানেজার ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু জানিয়েছেন, জাতীয় স্বার্থে খেলোয়াড়রা সকাল, বিকাল এবং রাত- তিনবেলা ঘাম ঝরাচ্ছেন। তিনি বলেন, ‘সীমিত সময়ের প্রস্তুতি হওয়ায় আমরা ঈদের ছুটি বাতিল করেছি। বিকেএসপিতে খেলোয়াড়রা প্রচণ্ড পরিশ্রম করছে এবং আমরা আশাবাদী শিমলা থেকে ভালো ফল বয়ে আনতে পারবো।’
ইতিমধ্যেই বিকেএসপি’র ক্যাম্পে ১৬ জনের মধ্যে ১৫ জন খেলোয়াড় যোগ দিয়েছেন। অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে আছেন- নাফিজ ইকবাল, হাসিব, সাকিব ও জয় ইসলাম। বালিকা বিভাগে দলের নেতৃত্ব দিচ্ছেন দেশের ১ নম্বর নারী খেলোয়াড় খই খই সাই মারমা। তার সঙ্গে আছেন- রেশমী তঞ্চংগ্যা, ঐশী ও অনন্যা। অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে শাহীন, মৃদুল, পরশ ও রাব্বী এবং বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা, রাফিয়া, জান্নাতুল রোজা ও পাপিয়া বিকেএসপিতে অনুশীলন করছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, ‘প্রসপেক্টাস পাওয়ার আগেই আমরা প্রস্তুতি শুরু করেছি। পারফরম্যান্সের ভিত্তিতে শেষ পর্যন্ত ১২ জনের চূড়ান্ত দল নির্ধারণ করা হবে। তবে স্পন্সর পাওয়া গেলে বাকি চারজনকেও স্ট্যান্ডবাই হিসেবে ভারতে নেয়ার চেষ্টা থাকবে।’ বিকেএসপি’র টেবিল টেনিস বিভাগের প্রধান কোচ খন্দকার আল মোস্তফা বিল্লাহ’র তত্ত্বাবধানে কোচিং প্যানেলে আরও আছেন- ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া। দল পরিচালনার দায়িত্বে আছেন ফেডারেশনের সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু।
গত কয়েক বছরে দক্ষিণ এশীয় পর্যায়ে বাংলাদেশের জুনিয়র টিটি খেলোয়াড়রা নজরকাড়া সাফল্য দেখিয়েছেন। ভারতের শিমলার সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ নাফিজ-খই খইদের সামনে।
জুনিয়র টিটি দলের শিমলা মিশন
ঈদের ছুটি রেখে বিকেএসপিতে চলছে কঠোর অনুশীলন
স্পোর্টস রিপোর্টার
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
