সরাইলে ৬টি খননযন্ত্র ধ্বংস যন্ত্রাংশ লুটপাটের অভিযোগ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬টি খননযন্ত্র ধ্বংস করেছে সংশ্লিষ্ট প্রশাসন। তবে খননযন্ত্রের ৬টি ব্যাটারি ও যন্ত্রাংশ লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয়রা। গতকাল সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার হাওরে এ ঘটনা ঘটে। আবার জব্দ করার বিষয়ে সরাইলে ইউএনও’র অতিরিক্ত দায়িত্বে থাকা শাহিনা নাসরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগমের বক্তব্যে রয়েছে ভিন্নতা। প্রত্যক্ষদর্শী, এস্কে ভেটর চালক ও ইউএনও অফিস সূত্র জানায়Ñ গতকাল সকালে সরাইল-নাসিরনগর সড়কের পাশে ধর্মতীর্থ এলাকার হাওরে মাটিকাটার দায়ে ৬টি এস্কে ভেটরকে ধ্বংস করেন সরাইল উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও শাহিনা নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, দুই গাড়িচালক হেলাল ও মোস্তাক এ সময় এস্কে ভেটরগুলোর ৬টি ব্যাটারি ও টুল বক্সের যন্ত্রপাতিও খুলে নিয়ে আসে। বিকালের দিকে ওই ব্যাটারি ও যন্ত্রাংশ বিক্রির জন্য কালীকচ্ছ বাজারে যায় তারা। ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় কিছু লোক তাদের ওপর চড়াও হন। এতে করে বিষয়টি জানাজানি হয়। গণমাধ্যম কর্মীরা বিষয়টি নাড়াচাড়া করলে বিকাল সাড়ে ৫টার দিকে ৬টি ব্যাটারি থানায় জমা দেয়া হয়। ব্যাটারি ও যন্ত্রাংস জব্দের বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও ও সরাইলের এসিল্যান্ডের বক্তব্যে রয়েছে গরমিল। বিকাল সোয়া ৪টার দিকে এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, এস্কে ভেটর ও যন্ত্রাংশগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। জব্দের বিষয়ে আমার জানা নেই। যন্ত্রাংশ লুটপাটের বিষয়ে আমার কিছুই জানা নেই। তিনিই আবার সাড়ে ৪টার দিকে বলেন, ৬টি ব্যাটারি জব্দ করা হয়েছে। সেগুলো সরাইল উপজেলায় রয়েছে। লুটপাটের বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখছি। সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে বলেন, ১টি ট্রাককে অবৈধভাবে মাটিকাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছি।
জব্দের বিষয়ে আমার জানা নেই। এ বিষয়টি ইউএনও স্যার জানেন। কিছুক্ষণ আবার তিনিই বলেন, সম্ভবত ৬টি ব্যাটারি জব্দ করা হয়েছে। প্রসঙ্গত: দায়িত্ব বুঝে নেয়ার পর সরাইলে গতকালই ছিল ইউএনও শাহিনা নাসরিনের প্রথম কর্মদিবস।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন