ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপার লড়াই এখন তুঙ্গে। বুধবার রাতে পয়েন্ট তালিকায় নাটকীয় এক মোড় এসেছে। একদিকে ব্রাইটনকে হারিয়ে আর্সেনাল তাদের পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের কাছে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল গানাররা। ব্রাইটনের ঘরের মাঠ আমেক্স স্টেডিয়ামে আর্সেনালের জন্য রাতটি ছিল যেমন অর্জনের, তেমনি স্নায়ুচাপের। নিজের ৩০০তম ম্যাচে মাঠে নামেন বুকায়ো সাকা। মাইলফলকের এই ম্যাচে নবম মিনিটে গোর করে স্মরণীয় করে রাখেন তিনি। ডান প্রান্ত থেকে বল পেয়ে ভেতরে ঢুকে জোরালো শট নেন সাকা। ব্রাইটন ডিফেন্ডার কার্লোস বালেবার গায়ে লেগে বল গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়। পুরো ম্যাচে ব্রাইটন বল দখলে এগিয়ে থাকলেও আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমরা যে পরিস্থিতির মধ্যদিয়ে গিয়েছি, এরপর এই জয়টি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। ছেলেদের প্রচেষ্টাকে কুর্নিশ জানাই।’ আর্সেনাল যখন নিজেদের কাজ সেরে রেখেছে, তখন নটিংহ্যাম ফরেস্টের মাঠে ম্যানচেস্টার সিটি পা পিছলেছে। অবনমন এড়াতে লড়তে থাকা ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পেপ গার্দিওলার দল। সিটি দুইবার এগিয়ে গেলেও ফরেস্টের লড়াইয়ের সামনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। জানুয়ারিতে সিটিতে যোগ দেয়া অ্যান্টোনি সেমেনিয়ো দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধে মর্গান গিবস-ওয়াইটের দুর্দান্ত ব্যাকহিলে সমতায় ফেরে ফরেস্ট। ৬২ মিনিটে রদ্রি হেডে সিটিকে আবারো লিড এনে দিলেও নাটকীয়তা তখনো বাকি ছিল। ৯০ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের অসাধারণ ফিনিশিংয়ে জয়বঞ্চিত হয় সিটিজেনরা।
এই ড্রয়ের ফলে সিটির হাতে এক ম্যাচ বাকি থাকলেও আর্সেনালের সঙ্গে ব্যবধান এখন ৭ পয়েন্ট। গার্দিওলা অবশ্য হাল ছাড়ছেন না। তিনি বলেন, ‘এখনো অনেক ম্যাচ বাকি। আমরা আমাদের ভুলগুলো শুধরে পরের ম্যাচে নজর দিচ্ছি।’
সেন্ট জেমস পার্কে অদ্ভুত এক ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব। মাইকেল ক্যারিকের অধীনে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে প্রথম হারের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির ঠিক আগে নিউক্যাসলের জ্যাকব রামসে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে মনে হচ্ছিলো ইউনাইটেড সহজ জয় পাবে। কিন্তু ১০ জনের নিউক্যাসলের বিপক্ষেও ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। অ্যান্থনি গর্ডনের গোলে নিউক্যাসল এগিয়ে যাওয়ার পর কাসেমিরো সমতা ফেরান। তবে ম্যাচের শেষ মুহূর্তে উইলিয়াম ওসুলার একক নৈপুণ্যের গোলে হার মানতে হয় ইউনাইটেডকে। ম্যাচ শেষে হতাশ ক্যারিক বলেন, ‘১০ জন বা ১১ জনের বিষয় নয়, আমরা স্রেফ ভালো খেলিনি।’
আরেক ম্যাচে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। ভিলার সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র ৩ পয়েন্ট। অন্য ম্যাচে ফুলহামকে ১-০ গোলে হারায় ওয়েস্টহ্যাম।
ম্যান সিটির হোঁচট শিরোপার পথে আরও একধাপ এগিয়ে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
