সিংড়ায় চুরির অভিযোগ করায় গোলাগুলি, আহত ৫

ফন্ট সাইজ:

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামে ইজিবাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. হানিফ (৬০), মো. বেদন (৩৫), হাসান (২৮), শিমুল (৩০) ও আশিক (২২)। আহত হানিফ ও বেদন মৃত নজের আলীর ছেলে, হাসান ভুট্টুর ছেলে, শিমুল আব্দুল হান্নানের ছেলে এবং আশিক দুলালের ছেলে। সকলের বাড়ি কামার বড়িয়া গ্রামে। জানা যায়, গত ২৩শে ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে একই গ্রামের মো. বায়েজিদের (৩৫) বাড়ি থেকে একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় তিনি একই গ্রামের আলামিন (৩৫) ও পাবনা জেলার বাসিন্দা মুনিরের (৩৬) বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। মুনির বর্তমানে বড়িয়া গ্রামে ঘরজামাই হিসেবে বসবাস করেন এবং তিনি আলামিনের খালাতো ভগ্নিপতি। এর জেরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে আলামিন, মুনির এবং আশিকসহ (২২) অজ্ঞাতনামা আরও ৪-৫ জন একত্রিত হয়ে বায়েজিদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ করে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে রাতেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত হানিফ (৬০)কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ব.ম আব্দুন নূর বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। গুলিবর্ষণের ঘটনায় তিনজনের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন