বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন

মনোনয়ন ফরম বিতরণে অনিয়মের অভিযোগ

ফন্ট সাইজ:

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আওয়ামীপন্থি আইনজীবী এবং বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী আইনজীবীদের ফরম দেয়নি নির্বাচন কমিশন। ফরম কিনতে যাওয়া সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশনের কক্ষে প্রবেশ গেটে আটকে দেয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার আদালত অঙ্গনে উত্তেজনা দেখা দেয়।
আইনজীবী সমিতি নির্বাচন আগামী ২রা এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়পত্র বিক্রি হয়। আইনজীবীরা জানান, বিএনপি’র সংগঠন জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্যরা নির্বাচন কমিশনের কার্যালয় ঘিরে রেখে অন্যদের মনোনয়ন ক্রয়ে বাধা দিয়েছে।
এডভোকেট ইকবাল আজাদ বলেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। ২টায় ফরম আনতে গেলে আমিসহ আরও অন্তত ৪০-৫০ জনকে ফরম দেয়নি। জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ হলরুমের ভেতরে এসে বলেন, ‘এই হাউজ কি মনে করে ফ্যাসিস্টদের কি ফরম দেয়া যাবে? এ সময় অনেকে বললেন, ‘না না না।’ তিনি বলেন, নির্দলীয় নির্বাচনকে কুলষিত করতে চাওয়ার জন্য মনোয়ন ফরম দেয়া হয়নি। এমনকি জামায়াত নেতা এডভোকেট মাসুদকেও ফরম দেয়নি। আমরা এজন্য আইনি পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছি। দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, আমি জাতীয়তাবাদী দলের অথচ আমাকেও ফরম দেয়নি। এর বিরুদ্ধে লড়াই চলবে।
আওয়ামী লীগ নেতা এডভোকেট কাইউম খান কায়সার খান বলেন, আওয়ামী লীগের অনেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম কিনতে গিয়েছিল- তাদের নির্বাচন কমিশনারের কক্ষে ঢুকতে দেয়া হয়নি। বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কাজী মনির বলেন, মনোনয়ন ফরম নিতে ক্রয় করতে গেলে প্রধান নির্বাচন কমিশনার ফরম দিতে অপারগতা প্রকাশ করেন। উনারা একটি পাতানো নিবাচনের প্রক্রিয়ায় আছে। এই প্রক্রিয়াকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, তার সামনে পর্যন্ত যারা যেতে পেরেছেন তাদের তিনি মনোনয়ন ফরম দিয়েছেন। বাইরে কি হয়েছে তা তার জানা নেই। জানা গেছে, সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৪ জন মনোনয়পত্র ক্রয় করেছেন। তারা সকলে বিএনপি নেতা। এডভোকেট লিংকন জানান, বিএনপি’র এখন পর্যন্ত প্যানেল চূড়ান্ত হয়নি। উন্মুুক্তভাবে আপাতত সকলে মনোনয়ন কিনেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন