ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলির নিচে চাপা পড়ে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর এলাকায় মাদিলাহাট-ফুলবাড়ী সড়কের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক মো. রাসেল সোনার (৩৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের জাহাঙ্গীর সোনারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল সোনার বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকা থেকে বালুভর্তি ট্রলি নিয়ে ফুলবাড়ীর দেশমা এলাকায় বালু নামিয়ে ফেরার পথে মুক্তারপুর তিন রাস্তার মোড়ে পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় তিনি ট্রলির নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি সড়কের সংযোগস্থল হওয়ায় মুক্তারপুর মোড়টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। বাঁক ও সংযোগ সড়ক থাকা সত্ত্বেও মূল সড়কে যানবাহন প্রায়ই উচ্চগতিতে চলাচল করে। সেখানে সতর্কতামূলক চিহ্ন ও কার্যকর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁঁকি বাড়ছে বলে তারা অভিযোগ করেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনাস্থলে গিয়ে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়। এ সময় উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম ও খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন। ওসি আব্দুল লতিফ শাহ বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন