মাঠে লড়াই শেষ হয়েছে পাঁচদিন আগে। ১লা মার্চ সুপার এইটে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। নিয়ম অনুযায়ী, পরদিনই ড্যারেন স্যামি ও তার শিষ্যদের বাড়ির বিমান ধরার কথা। কিন্তু মাঠের লড়াই শেষ হলেও ক্যারিবিয়ানদের অনাকাক্সিক্ষতভাবে অপেক্ষা করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ এলোমেলো হয়ে যাওয়ায় এখনো কলকাতাতেই আটকা পড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ দল।
অনির্দিষ্টকালের এই বন্দিদশা আর নিতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) করুণ আকুতিতে নিজের মনের অবস্থা তুলে ধরেন। স্যামি লিখেছেন, ‘আমি স্রেফ বাড়ি যেতে চাই।’
ক্যারিবিয়ানদের আটকে পড়ার মূল কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আইসিসি’র অফিসিয়াল এয়ারলাইন্স পার্টনার এমিরেটসের লম্বা দূরত্বের ফ্লাইটগুলো সাধারণত দুবাই হয়ে যায়। কিন্তু ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাতের কারণে দুবাইয়ের আকাশসীমা এখন অনিরাপদ এবং অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। শোনা যাচ্ছিল- আইসিসি একটি চার্টার্ড ফ্লাইটে লন্ডন হয়ে তাদের ফেরানোর চেষ্টা করছে। পরিকল্পনা ছিল- সপ্তাহের মাঝামাঝি সময়ে তারা ভারত ছাড়বেন। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। ফলে এখনো তল্পিতল্পা গুছিয়ে কলকাতার হোটেলেই দিন গুনছে ক্যারিবিয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের মতো একই সংকটে পড়েছিল জিম্বাবুয়ে দলও। ১লা মার্চ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তারাও আসর থেকে ছিটকে যায়। তবে আইসিসি’র হস্তক্ষেপে তারা বিকল্প পথ খুঁজে পেয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, দুবাইয়ের বদলে এখন আদ্দিস আবাবা ও ইথিওপিয়া হয়ে ধাপে ধাপে হারারেতে ফিরছে তাদের ক্রিকেটাররা। দলের একটি অংশ বুধবার দিল্লি থেকে রওনা দিলেও বাকিদের ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সংকট কেবল এই দুই দলেই সীমাবদ্ধ নেই। বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। এখন তাদের ফেরার সূচি কী হবে- সেটি জানতে অপেক্ষা করতে হবে।
কলকাতায় বন্দি স্যামিরা, বাড়ি ফেরার আকুতি
স্পোর্টস ডেস্ক
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
