মারামারি ও ঘুষ দেয়ার অভিযোগে ১৫ মাসের কারাদণ্ড

সাজা কমলেও ‘কলঙ্ক’ ঘুচলো না হ্যারি ম্যাগুয়ারের

ফন্ট সাইজ:

দীর্ঘ ছয় বছরের আইনি লড়াই শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের তারকা ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে ১৫ মাসের স্থগিত (সাসপেন্ডেড) কারাদণ্ড দিয়েছে গ্রিসের একটি আপিল আদালত। ২০২০ সালে গ্রিসের মাইকোনোস দ্বীপে একবার (বার) মারামারি ও পুলিশের ওপর হামলার দায়ে এই রায় দেয়া হয়। তবে এর আগের দেয়া ২১ মাসের সাজা থেকে কমিয়ে বর্তমান রায় ঘোষণা করা হয়েছে।

গ্রিসের সিরোস দ্বীপের তিন সদস্যের বিচারক প্যানেল বুধবার এই রায় ঘোষণা করেন। ম্যাগুয়ারকে ১৫ মাস ২০ দিনের স্থগিত কারাদণ্ড দেয়ার পাশাপাশি ১৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। রায়ে বলা হয়েছে, ম্যাগুয়ার শারীরিক হামলা এবং গ্রেপ্তার প্রতিরোধে জড়িত ছিলেন। তবে তার ভাইয়ের ওপর থেকে পুলিশের ওপর ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগটি তুলে নিয়ে আদালত কিছুটা নমনীয়তা দেখিয়েছেন।
ঘটনাটি ২০২০ সালের আগস্ট মাসের। পরিবারের সঙ্গে মাইকোনোস দ্বীপে ছুটিতে ছিলেন ম্যাগুয়ার। একটি বারের বাইরে স্থানীয়দের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হলে পুলিশ হস্তক্ষেপ করে। পুলিশের দাবি অনুযায়ী, ম্যাগুয়ার এবং তার সঙ্গীরা পুলিশ কর্মকর্তাদের ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অন্যদিকে ম্যাগুয়ারের আইনজীবীদের দাবি ছিল, ম্যাগুয়ার ভেবেছিলেন তাকে অপহরণ করা হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের আগ্রাসী আচরণের বিরুদ্ধে আত্মরক্ষা করতে গিয়েই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে সময় ম্যাগুয়ারকে দুইদিন কারাগারে থাকতে হয়েছিল।
২০২০ সালে প্রথম রায়ে ম্যাগুয়ারকে ২১ মাস ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। এরপর আপিল করেন ম্যাগুয়ারের আইনজীবীরা। গ্রিসের আইন অনুযায়ী, আপিল করার ফলে আগের দণ্ড স্থগিত হয়ে যায় এবং নতুন করে বিচার শুরু করার সুযোগ তৈরি হয়। গত কয়েক বছরে অন্তত পাঁচবার এই মামলার শুনানির তারিখ নির্ধারিত হলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। ম্যাগুয়ার কোনো সমঝোতায় না গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিজের ‘কলঙ্ক’ মুছতে অনড় ছিলেন।

পুলিশ কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী আইনজীবী আইয়ানিস প্যারাডিসিস আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সেই রাতে পুলিশ কর্মকর্তারা আহত হয়েছিলেন, তারা সেই স্মৃতি এখনো ভোলেননি। অথচ ম্যাগুয়ার একবারও দুঃখ প্রকাশ করেননি বা ক্ষমা চাননি।’ তিনি আরও দাবি করেন যে, ফুটবল এসোসিয়েশনের (এফএ) উচিত ম্যাগুয়ারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া।
গ্রিসের আদালতে যখন এই রায় ঘোষণা করা হচ্ছিল, ম্যাগুয়ার তখন সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার সেই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল একাদশেও ছিলেন। তবে মাঠের বাইরে এই দুঃসংবাদের দিনে মাঠের ভেতরেও হার নিয়ে ফিরতে হয়েছে তাকে। ম্যাগুয়ারের আইনজীবী দল জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন