পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে আকস্মিকভাবে পদত্যাগ করলেন রাজ্যপাল তথা গভর্ণর সিভি আনন্দ বোস।
লোকভবনের (রাজভবন) এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস সাড়ে ৩ বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন। তিনি দিল্লিতে পদত্যাগ করেছেন বলে কর্মকর্তাটি জানিয়েছেন।
পদত্যাগের পর বোস সংবাদ সংস্থাকে বলেছেন, "আমি রাজ্যপালের কার্যালয়ে যথেষ্ট সময় কাটিয়েছি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ লিখেছেন: "পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর পদত্যাগের কারণগুলি এই মুহূর্তে আমার জানা নেই। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য রাজ্যপালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়তে হলেও আমি অবাক হব না।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন, তামিলনাড়ুর (আরেকটি নির্বাচনমুখী রাজ্য) বর্তমান রাজ্যপাল আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে বলে তিনি বলেছেন।
সিভি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন বারে বারে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন।
