মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা পাট বীজ খামার এলাকায় পোকার আক্রমণে হাজার হাজার তালগাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে খামার কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খামার সূত্রে জানা গেছে, গত ২০১৮ সাল থেকে দেড় লক্ষাধিক উন্নতমানের তালগাছ আবাদ করা হয়। কিন্তু হঠাৎ করেই তালগাছে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকার আক্রমণ দেখা দেয়। বিশেষ করে গাছের কাণ্ড নষ্টকারী পোকার কারণে অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ তালগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। খামারের কর্মচারীরা জানান, কয়েক মাস ধরে পোকার আক্রমণ বাড়ছে। প্রাথমিকভাবে কীটনাশক প্রয়োগ করা হলেও আক্রান্ত গাছগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এভাবে ক্ষতি অব্যাহত থাকলে তালগাছের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে। এদিকে, তালগাছের এ রোগ শনাক্ত করতে তিন সদস্য বিশিষ্ট বৈজ্ঞানিকদের একটি দল সরজমিন পরিদর্শন করেছে। পরিদর্শনে এসে বিএসআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নুর আলম বলেন, ডেভিল পাম নামে পরিচিত পোকা ধীরে ধীরে গাছের মূল কাণ্ডে প্রবেশ করার ফলে গাছে পচন ধরেছে। তবে সঠিক বিষ প্রয়োগে এ পোকা নিধন করা সম্ভব।
মেহেরপুরে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে হাজারো তালগাছ
মেহেরপুর প্রতিনিধি
৬ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
