মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে গাছ চুরির সময় হেলন মিয়া (৩৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সময় দৌঁড়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের দাবি হেলেককে গাছ চুরির অভিযোগে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সেহরির সময় উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগানে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোমন মিয়া নামে অপর একজন আহত হয়েছেন। চা বাগানটির মালিক মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো মহসিন মিয়া মধু। তিনি সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
বাগান কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, সেহরির সময় ৫-৬ জনের একটি সংঘবদ্ধ চক্র চা বাগানের খেলার মাঠ ও মন্দিরসংলগ্ন লেকের ধারে একটি আকাশমনি গাছ কাটছিল। গাছটি কেটে ফেলার সময় বিকট শব্দে লেকে পড়ে যায়। শব্দ শুনে বাগানের নাইট চৌকিদাররা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে ম্যানেজারের কাছে নিয়ে যান। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, কাছের একটি বাড়ির পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে আলাপকালে চা বাগানের ব্যবস্থাপক প্রশান্ত কুমার বলেন সেহরির পর ঘুমাচ্ছি। তখন চৌকিদাররা বলল রাস্তার পাশে গাছ কাটার অপরাধে একজনকে ধরা হয়েছে। বাকিরা পালাইছে। বললাম তাকে অফিসে এনে রাখার জন্য। পরে এসে তারা জানায়, একজন মারা গেছে। পরে খবর নিয়ে জানতে পারি গাছটি আমাদের নয়। এটি সরকারি গাছ, তাই লিখিত রেখে আটক চোরকে ছেড়ে দেই। তবে নিহত হেলন মিয়ার পরিবারের দাবি, হেলেনকে আটকের পর ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ টেনে বাগানের মাঠের পাশে নিয়ে রাখা হয়। সরজমিনে মরদেহ টেনে নেয়ার আলামতও মিলে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ঘটনা স্বাভাবিক মৃত্যু না হত্যা তা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, দৌঁড়ে পালাতে গিয়ে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কমলগঞ্জে চা বাগানে গাছ চুরির সময় যুবকের রহস্যজনক মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বাংলারজমিন
৩ মাস আগে
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৭ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
