ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ছয় আইনজীবী এ রিট আবেদন করেন। আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে মেয়র নির্বাচনের আয়োজনের নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
রিটকারী আইনজীবীরা হলেন- মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ। আইনজীবী মো. গোলাম কিবরিয়া জানান, আগামী সপ্তাহে হাইকোর্ট বিভাগ-এ রিটের শুনানি হতে পারে।
রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট ছয় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিটে গত ২২শে ফেব্রুয়ারি জারি করা প্রশাসক নিয়োগসংক্রান্ত মেমোকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা এবং এর কার্যক্রম স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে মেয়র নির্বাচনের আয়োজনের নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকদের মাধ্যমে নিয়মিত কার্যক্রম পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে।
গত ২২শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ছয় সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে তাদের নিয়োগ দেয়া হয়েছে। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ করা প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। রিটকে ঘিরে স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও আসন্ন সিটি নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
স্টাফ রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
