আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বুধবার দুর্নীতির গুরুতর কিছু অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণে সিন্ডিকেট ও অর্থ পাচারের মতো বিষয়ে নোমানের সম্পৃক্ততা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে এদিন দুদকের পক্ষে সংস্থাটির পরিচালক মো. আবুল হাসনাত মোহাম্মদ আবু নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মিরী কামাল এবং তাদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালরা সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে, দুবাইয়ে সম্পত্তি গড়া, শেয়ার কারসাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধি-বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেন। মোস্তফা কামাল ও নাফিসা কামালের ব্যবসায়ী পার্টনার, কানাডা-দুবাইয়ের স্থায়ী নাগরিক ও অর্থ পাচারকারী মোহাম্মদ আবু নোমান মালিকানাধীন সকল মেডিকেল চেকআপ সেন্টার স্থায়ীভাবে বন্ধ করা ও তার সকল সম্পদ রাষ্ট্রীয় করা সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।
আবেদনে আরও বলা হয়েছে, অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আবু নোমান নিয়মিতভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বছরের একটা বড় অংশই বিদেশে অবস্থান করেন। তার একাধিক দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান চলমান থাকায় তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে গোপন সূত্রে জানা গেছে। সে বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
