সংসদের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ ও হুইপদের অবহিতকরণে বিশেষ সভা

ফন্ট সাইজ:

জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ ও হুইপদেরকে অবহিতকরণে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- হুইপ আলহাজ মো. জি.কে. গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এবিএম আশরাফ উদ্দিন (নিজান)। এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা, প্রশ্নোত্তর পর্ব, বিল উত্থাপন ও পাস, কমিটির কার্যক্রম, সংসদ সদস্যদের জন্য প্রশাসনিক ও কারিগরি সহায়তা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সংসদ সচিবালয়ের সার্বিক প্রশাসনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংসদ সদস্যদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে আধুনিক তথ্য-প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালি, গবেষণা সহায়তা, নথিপত্র ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। চিফ হুইপ তার বক্তব্যে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও ফলপ্রসূভাবে পরিচালনায় হুইপদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে সংসদের কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সচিবালয়ের পেশাদারিত্ব ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত হুইপরাও সংসদ পরিচালনায় পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সময়ানুবর্তিতা রক্ষা এবং কার্যপ্রণালি বিধি অনুসরণের ওপর গুরুত্ব দেন। তারা সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় আনার বিষয়ে মতামত প্রদান করেন।
জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চিফ হুইপ ও হুইপরা
এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চিফ হুইপ ও হুইপরা। গতকাল দুপুরে শেরেবাংলানগরস্থ চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন