মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে মো. সাগর (৩২) ও সানারুল (৩৪) নামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃতরা হলো- শাহিন (৩০), শাওন (৩৩), ফেরদৌস (৪০)। নিহত সাগর ও সানারুলের বাড়ি উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা বেদে পল্লীতে। জানা গেছে, মঙ্গলবার রাত দু’টার দিকে সাগর ও সানারুল সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালাচ্ছিলো। এ সময় ওই এলাকার এক মুরগি খামারি তাদের দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটকায়। স্থানীয়দের সঙ্গে নিয়ে সাগর ও সানারুলকে গাছের সঙ্গে বেঁধে রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় বেদম পিটুনি দেয়া হয় তাদের। এরই মধ্যে তাদের কাছ থেকে চুরি করা বিদ্যুতের তার উদ্ধার করে। বিভিন্ন সময় চুরি হওয়ার বিষয়ে স্থানীয়রা তাদের ওপর বেশি ক্ষিপ্ত। দফায় দফায় পিটুনি দেয়ায় তাদের শরীর নিস্তেজ হয়ে যায়। বুধবার সকাল ৯টার দিকে পুলিশ সাগর ও সানারুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, সাগর ও সানারুল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ছাগল, মুরগিসহ যা পেতো তাই চুরি করতো। এছাড়াও সরককরি প্রতিষ্ঠানে বিদ্যুতের তার ও মালামালও চুরি করতেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর বলেন, ওই দু’জনকে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে একজন ভ্যান চালক আমাদের হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তারা দু’জন মারা গিয়েছিলেন।
নিহতদের শরীরে নীলা ফুলা চিহ্ন রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সাতঘরিয়ার এক ব্যক্তি বলেন, নিহত দু’জনের চুরির কারণে লৌহজং ও পাশ্ববর্তী শ্রীনগরের মানুষজন অতিষ্ঠ ছিল। রাতে যখন ওই দুজনকে আটক করে মারধর করা হচ্ছিল, তখনই জাতীয় জরুরি সেবা ৯৯৯নম্বর থেকে ফোন করে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছি। পুলিশ রাতে তাদের উদ্ধার করার জন্য যায়নি। সকালে যখন পুলিশ তাদেরকে উদ্ধার করে,তখন তাদের অবস্থা খুব খারাপ ছিল।ভ্যানে তোলার পরেই মারাযায় তারা। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ মাধ্যমে পুলিশকে খবর দেয়া হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সাগর ও সানারুল মারা গেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
