কোচ সরফরাজের বাংলাদেশ মিশনে নেই বাবর

কোচ সরফরাজের বাংলাদেশ মিশনে নেই বাবর

ফন্ট সাইজ:

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান বাবর আজমের আকস্মিক বাদ পড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না থাকায় পিসিবি’র নির্বাচকরা বাদ দিয়েছেন পাকিস্তানের শীর্ষ এ ব্যাটারকে। আর নির্বাচকদের এমন সিদ্ধান্তে ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে এই তরুণ দলটি আগামী ৮ই মার্চ ঢাকায় পা রাখবে। দলের নতুন প্রধান কোচ হিসেবে পিসিবি নিয়োগ দিয়েছে দেশটির অন্যতম সফল সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে। যদিও আগামী মে মাসে টেস্ট সিরিজ দিয়ে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল, তবে ওয়ানডে দল গঠনে সরফরাজের মেন্টরশিপের বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত এবং অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে এই স্কোয়াড সাজানো হয়েছে। মিরপুরের মন্থর এবং টার্নিং উইকেটে বাংলাদেশের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানের পাশাপাশি একঝাঁক নবীন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে পাকিস্তান। সরফরাজের এই নতুন মিশনে বাবরহীন পাকিস্তান কতটুকু সফল হয়, তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১১২.৩৪ স্ট্রাইক রেটে মাত্র ৯১ রান করা বাবরের সাম্প্রতিক ফর্ম নিয়ে ওঠা প্রশ্নের প্রতিফলনই এই বাদ পড়া। যদিও সবশেষ ওয়ানডে সিরিজে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন। তবে নির্বাচকরা তরুণদের ওপর আস্থা রেখেছেন। বাবরের সঙ্গে দল থেকে বাদ পড়েছেন তরুণ ওপেনার সাইম আইয়ুব। ১৭ ওয়ানডেতে ৪৭ গড় ও ১০০ স্ট্রাইক রেট থাকা সত্ত্বেও বিশ্বকাপের ব্যর্থতা তার কাল হয়েছে। চোটের কারণে স্কোয়াডে নেই অভিজ্ঞ ব্যাটার ফখর জামানও। এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ সাহিবজাদা ফারহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৮৩ রান করে তিনি এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের লিস্ট ‘এ’ রেকর্ডও ঈর্ষণীয়। ৭২ ম্যাচে ৪১.৮০ গড়ে প্রায় তিন হাজার রান করেছেন তিনি। মিরপুরের টার্নিং উইকেটে ফারহানের ফর্ম পাকিস্তানের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ হতে পারে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্মকেই এখানে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পাকিস্তান দল তাদের এই নতুন শক্তির পরীক্ষা নিতে মুখিয়ে আছে। দলে জায়গা পেয়েছেন আরও ৫ জন নতুন মুখ। এরা হলেন- আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। সামাদ ছাড়া বাকিদের আন্তর্জাতিক অভিজ্ঞতাই নেই। ২০ বছর বয়সী মাজ সাদাকাত একজন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তিনি এর আগে বিপিএলে খেলে বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। ২১ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদ মাত্র ৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে জাতীয় দলে ডাক পেয়েছেন। কিপার-ব্যাটার গাজী ঘোরি ১৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া নয়। তবে ওপেনার শামিল হোসেনের প্রতিভা নিয়ে আশাবাদী পিসিবি। ১৩টি লিস্ট ‘এ’ ম্যাচে তার দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি রয়েছে। নতুন এই ক্রিকেটারদের অন্তর্ভুক্তি পাকিস্তানের ওয়ানডে দলে এক নতুন প্রাণশক্তি যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই তরুণদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেখছে পিসিবি। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশ এখনো এই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেনি। প্রধান কোচের অধীনে আগামী ৬ই মার্চ থেকে মিরপুরে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে টাইগাররা। সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে ৭ই মার্চ একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। আইসিসি ওয়ানডে সুপার লীগ টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকতে এবং সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার দৌড়ে টিকে থাকতে এই সিরিজের প্রতিটি পয়েন্ট বাংলাদেশের জন্য মহামূল্যবান। বিশেষ করে ঘরের মাঠে পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে পয়েন্ট আদায় করে নিতে পারলে তা পরবর্তী মিশনগুলোতে আত্মবিশ্বাস জোগাবে। মিরপুরে আসন্ন সিরিজে পাকিস্তানের বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তার সঙ্গে আছেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদের মতো কার্যকর বোলাররা। অলরাউন্ডার হিসেবে থাকছেন ফাহিম আশরাফ ও সালমান আগা। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মোহাম্মদ রিজওয়ান থাকছেন উইকেটের পেছনে ও ব্যাটিং অর্ডারের মূল ভরসা হয়ে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

পাকিস্তান ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।

Alamgir Kabir

৩ মাস আগে

বাবর কে রাখা উচিত ছিল।

মন্তব্য করুন