অপেরা হাউজ-হারবার ব্রিজ থেকে ঋতুপর্ণাদের উচ্ছ্বাস

অপেরা হাউজ-হারবার ব্রিজ থেকে ঋতুপর্ণাদের উচ্ছ্বাস

ফন্ট সাইজ:

আগের দিন কঠিন প্রতিপক্ষ চায়নার ঘাম ঝরিয়ে ছাড়েন আফঈদা-ঋতুপর্ণারা। এএফসি এশিয়ান কাপের বড় মঞ্চে শুরুটা হার দিয়ে হলেও মুগ্ধতা ছিল মেয়েদের খেলায়। ঋতুপর্ণা, মনিকা ও মারিয়ার নৈপুণ্যে অবাক হয়েছেন চীনের কোচ এন্থনি মিলেচিচ। চীন পরিক্ষার পর আগামীকাল মেয়েদের সামনে উত্তর কোরিয়া। এই ম্যাচের আগে মেয়েদের চাপমুক্ত রাখতে সকালে ট্রেনিংয়ের পর মুক্ত করে দিয়েছিলেন পিটার বাটলার। অস্ট্রেলিয়া তো বটেই সারা বিশ্বের নান্দনিক স্থাপত্য সৌন্দর্যের মধ্যে অন্যতম সিডনির ওপেরা হাউস ও হারবার ব্রিজ। গতকাল সকালে সেখানেই ঘুরে বেড়ান, ছবি তোলেন ভিডিও করেন আফঈদারা। ওপেরা হাউসের পাশে বোটানিক পার্কে আগে যায় বাংলাদেশ দল। বিশাল সবুজ পার্ক অন্য দিকে নীল রংয়ের সাগর। কয়েকদিন ঠাণ্ডা আবহাওয়ার পর গতকাল আবার সিডনিতে ছিল কড়া রোদ। গরম আবহাওয়ায় ঠান্ডা বাতাসে সবুজ পার্কে সাগরের পাড়ে দারুণ সময় কাটান বাংলাদেশের ফুটবলাররা।

বাংলাদেশ দল গত দুই সপ্তাহে একটা শৃঙ্খল পরিবেশে ছিল। গতকাল ঘণ্টা তিনেকের জন্য ছুটি পেয়ে সবাই নিজেদের পছন্দের পোশাক পরেন। এক জন আরেকজনকে ছবি তুলে দেন বিভিন্ন পোজে। ঋতুপর্ণার বেশিরভাগ ছবি তুলেছেন সুরভি আকন্দ প্রীতি। আবার কেউ নিজেদের খুনসুটি ভিডিও করছেন। পার্ক ঘুরে ওপেরা হাউসের সামনে এসে ঋতুপর্ণারা আরো বেশি উচ্ছ্বসিত হন। অপরূপ নিদর্শনের সামনে দাঁড়িয়ে সবাই নিজেকে একেকভাবে ফ্রেমবন্দী করে রাখতে চাইলেন। মিডিয়া ম্যানেজার সাঈদ ও টিম ম্যানেজার খালিদ মাহমুদ ফুটবলারদের নানা পোজের আবদার ফ্রেমবন্দি করেন। অপেরার আরেক প্রান্তে সিডনি হারবার ব্রিজ। দুটো এক ফ্রেমে রাখার চেষ্টা করেন অনেকে। এজন্য কয়েকজন সময় নেন বেশি। যারা পিছিয়ে ছিলেন তাদের কিছুক্ষণ পর পর তাড়া দিচ্ছিলেন টিম ম্যানেজার। উপস্থিত থেকে সব কিছু তদারকি করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। কোচের কড়া নির্দেশে সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলেনি মেয়েরা।

তবে সভাপতি মেয়েদের আগের দিনের পারফরম্যান্সে খুশি। তিনি বলেন, আমি কোচকে চীনের বিপক্ষে অতিমাত্রায় রক্ষণাত্মক খেলতে বারণ করেছিলাম। কোচ আমার পরামর্শ ও তার পরিকল্পনায় খেলিয়ে সফল হয়েছে। সামনে আমাদের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ আছে। আমার চাওয়া থাকবে এই ম্যাচের ধারাবাহিকতা যেন সামনের দুটি ম্যাচে বজায় থাকে। এ কারণে মেয়েদের চাপমুক্ত রাখতেই কোচকে বলে তাদের অপেরা হাউজ সিডনি হারবার ডারলিং হারবারে নিয়ে এসেছি। আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ ঋতুপর্ণাদের। পরদিন সিডনি থেকে পার্থ রওনা হবে দল। পার্থে উজবেকিস্তানকে হারাতে না পারলে বাংলাদেশ দলের আর সিডনি আসা হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন