সাকিব আল হাসান কি আবারো ফিরছেন জাতীয় দলের জার্সিতে? সাকিবকে ফেরাতে আইনি জটিলতাগুলো নিরসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ করছে। এমন তথ্য দিয়েছেন বিসিবি’র পরিচালক আসিফ আকবর। গতকাল কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিবি’র বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেন, ‘সাকিবের বিষয়টা নিয়ে বিসিবি’র কাজ চলছে। তার ব্যাপারটি এখন বিসিবি হয়ে মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয়ের সঙ্গে বিসিবি’র লিগ্যাল এইড টিমও কাজ অব্যাহত রেখেছে।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের পাশাপাশি কক্সবাজার স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন আসিফ আকবর। সমুদ্রঘেরা এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ রূপ দিতে বিসিবি’র বড় পরিকল্পনার কথা জানান তিনি। আসিফ বলেন, ‘কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমিউজমেন্ট পার্কসহ তারকা মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে। তা ছাড়া এখানে গ্যালারিসহ অনেক কাজ বাকি রয়েছে।’ বর্তমানে এই মাঠে ঘরোয়া টুর্নামেন্ট চললেও বড় কোনো আন্তর্জাতিক আসর আয়োজনের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা এখনো নেই বলে স্বীকার করেন আসিফ আকবর । তিনি বলেন, ‘কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত
খেলা হচ্ছে, তবে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করার মতো সুযোগ সুবিধা নেই।’ আসিফ আকবরের সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্টের অপারেশন হেড ও সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন এবং নির্বাচক মেহরাব হোসেন অপি।
সাকিবের সম্ভাব্য ফেরা নিয়ে যা বললেন আসিফ
স্পোর্টস রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
