রাজধানী ঢাকার শিশুদের খেলার জায়গার সংকট মেটাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে ঢাকার প্রতি দুটি ওয়ার্ডের মাঝামাঝি জায়গায় নতুন খেলার মাঠ গড়ে তোলা হবে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় করপোরেট হাউজগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, বিশেষ করে তৃণমূল পর্যায়ের কর্মকাণ্ড শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে।’ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলার মাঠ উন্নয়নই এখন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। প্রতিমন্ত্রী বলেন, ‘মাঠের উন্নয়নকে আমাদের নির্বাচনী ইশতেহারে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’ রাজধানীর প্রায় ১০০টি ওয়ার্ডের জন্য নতুন মাঠ তৈরির পরিকল্পনা তুলে ধরে আমিনুল বলেন, ‘ঢাকায় প্রতি দুটি ওয়ার্ডের মাঝে ২ থেকে ৩ বিঘা জমি অধিগ্রহণ করা হবে নতুন খেলার মাঠ নির্মাণের জন্য। প্রতিটি মাঠেই বয়োজ্যেষ্ঠদের জন্য হাঁটার পথ বা ওয়াকওয়ে থাকবে।’ প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের ৬৪টি জেলাতেই আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ বা ক্রীড়া গ্রাম নির্মাণের ঘোষণা দেন। এ ছাড়া তরুণদের মধ্যে জনপ্রিয় ফুটসাল খেলার প্রসারে নতুন কোর্ট তৈরির আশ্বাস দেন। তিনি বলেন, ‘মন্ত্রণালয় এবং করপোরেট হাউসগুলো যদি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে, তবে বাংলাদেশের খেলাধুলা বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে।’
মাঠ সংকট কাটাতে উদ্যোগ সরকারের
স্পোর্টস রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
