ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে ‘কিছু যায় আসে না’ ট্রাম্পের

ফন্ট সাইজ:

আগামী জুন মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইরান খেললো কি খেললো না, তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়েছেন, ইরানের অংশগ্রহণ নিয়ে তার মাথাব্যথা নেই।
ইরানে গত শনিবার থেকে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের মার্কিন ঘাটিতে পাল্টা হামলা চালায় ইরান। এরপর ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘পলিটিকো’কে ট্রাম্প বলেন, ‘ইরান খেললো কি খেললো না, তাতে আমার কিছু যায় আসে না। আমার মনে হয় ইরান এখন একটি বিধ্বস্ত দেশ। তারা তাদের শেষ সম্বল নিয়ে টিকে থাকার চেষ্টা করছে।’ উল্লেখ্য, আগামী ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। দেশের এমন পরিস্থিতিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদী তাজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়া আমাদের জন্য কঠিন।’ জানা গেছে, দেশটির ক্রীড়া কর্মকর্তারা শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরপরই এমন মন্তব্য করলেন ট্রাম্প। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে গত ডিসেম্বরে ফিফা কর্তৃক ট্রাম্পকে শান্তি পুরস্কার প্রদানের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যে ইরানের ওপর মার্কিন সামরিক চাপ এবং ইরানের পাল্টা হুমকির ফলে টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা ইরানের সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে
নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে খেলার কথা। সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হিসেবে মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে খেলবে তারা। গত বছর পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরও ফুটবল থেকে সরে দাঁড়ায়নি ইরান। তবে বর্তমান যুদ্ধাবস্থা গতবারের চেয়ে অনেক বেশি ভয়াবহ। ট্রাম্পের এমন মন্তব্যে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিফা। গত শনিবার সংস্থাটির জেনারেল সেক্রেটারি এক বিবৃতিতে জানান ‘প্রত্যেক দেশের অংশগ্রহণে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করা’ই তাদের মূল লক্ষ্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন