মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৩৫ হাজার। ভারতের কোনো ম্যাচ হলে স্টেডিয়ামটি নীল সমুদ্র ধারণ করে। নীল রঙয়ের ভারতীয় জার্সিতে ছেয়ে যায় পুরো গ্যালারি। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কাছ থেকে এক টুকরো ভারতের সমর্থন পাচ্ছে সূর্যকুমার যাদবের দল। অন্যদিকে স্নায়ুচাপকে সঙ্গী করেই ফাইনালের টিকিট পাবার আশায় ইংল্যান্ড। দু’দলের মধ্যকার ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে লড়ছে ক্রিকেটের এই দুই পরাশক্তি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সুযোগ স্বাগতিক দেশ হিসেবে প্রথম শিরোপা জেতা। অন্যদিকে নীল সমুদ্রের গর্জন থামিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ইংল্যান্ডের।
ভারত ওয়াংখেড়েতে এ পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে। যার পাচটিতেই তারা জিতেছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ খেলছে। গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জেতার পর সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ধাক্কা খেয়েছিল। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। অন্যদিকে ইংল্যান্ড গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও সুপার এইটে টানা তিন ম্যাচ জয় পেয়েছে। ফাইনালে ওঠতে আত্মবিশ্বাসী থ্রি লায়ন্সরা। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান মঙ্গলবার সেরাটা দিয়ে ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে দেয়ার হুঙ্কার দেন। তিনি বলেন, ‘গ্যালারি যদি নীরব থাকে, তবে বুঝতে হবে আমরা ভালো করছি।’ আইপিএলে খেলার সুবাদে ইংল্যান্ডের প্রায় সব খেলোয়াড়ই মুম্বাইয়ের কন্ডিশনের সঙ্গে পরিচিত। ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক নিজে ফর্মে আছেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি সেঞ্চুরি রয়েছে তার। ওপেনিংয়ে জস বাটলার ও ফিল সল্ট যদি আজ জ্বলে ওঠেন, তবে ভারতের বোলারদের জন্য রাতটা কঠিন হয়ে উঠবে। তবে ভারতের তুরুপের তাস জাসপ্রিত বুমরাহ। বাটলারকে চারবার আউট করার রেকর্ড আছে তার ঝুলিতে। ইংল্যান্ডের তুরপের তাস হিসেবে আছেন জফরা আর্চার। ডানহাতি এ পেসারের বিপক্ষে ইডেনে ক্যারিবীয়দের হারানোর নায়ক সাঞ্জুর পরিসংখ্যান ভালো নয়। ২৩ বলে ৩ বার সাঞ্জুকে আউট করার রেকর্ড আছে আর্চারের। তবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ও তিলক বর্মার বিপক্ষে আর্চার এখনো উইকেট পাননি। অভিষেক আবার ওয়াংখেড়েতে আইপিএলের এক ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের টর্নেডো ইনিংস খেলেছিলেন। ফলে শুরুর দিকে কার দাপট বেশি থাকবে, তার ওপরই অনেকটা নির্ভর করছে ম্যাচের গতিপথ। ওয়াংখেড়েতে রাতের ম্যাচে এই বিশ্বকাপে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯৫। তবে আজ যদি ভারত আগে ব্যাটিং করে, তবে স্কোর ২২০-২৩০ ছাড়িয়ে যেতে পারে। ছোট সীমানা আর দ্রুতগতির আউটফিল্ডের কারণে এখানে রান তাড়া করা কঠিন। তবে শিশির (ডিউ) ফ্যাক্টর বড় ভূমিকা রাখতে পারে। সে ক্ষেত্রে টস জয়ী দল আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৩-২ ব্যবধানে এগিয়ে। তবে সেমিফাইনালের পরিসংখ্যানে লড়াইটা ১-১ সমতায়। ২০২২ সালে ইংল্যান্ড ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল, আর ২০২৪ সালে ভারত জিতেছিল ৬৮ রানে।
গত দুই আসরে এই দুই দলের সেমিফাইনাল লড়াইয়ে যে জিতেছে, সেই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।
ম্যাচে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও শিভম দুবের মতো তারকাদের ওপর বাড়তি নজর থাকবে। অন্যদিকে ইংল্যান্ডের আদিল রশিদ ও লিয়াম ডসনের স্পিন বিষ ভারতের ব্যাটিং লাইনআপের বড় পরীক্ষা নেবে। আজ যে জিতবে, আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তারা লড়বে শিরোপার জন্য।
নীল সমুদ্রের সামনে বৃটিশ দেয়াল
ভারত-ইংল্যান্ড মুখোমুখি আজ
স্পোর্টস রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
