আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ই মার্চও ছুটির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। আর এটি অনুমোদন করা হলে এবার কার্যত ছুটি হবে মোট সাতদিন। চাঁদ দেখা সাপেক্ষে ২১শে মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচদিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩শে মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা রয়েছে। এর মধ্যে ২১শে মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০শে মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩শে মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। এখন ঈদের আগে ১৮ই মার্চ ছুটি হলে কার্যত ঈদের আগে ছুটি হবে চারদিন। কারণ, ১৭ই মার্চ পবিত্র শবেকদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুইদিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে ৭ দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে, ১৮ই মার্চ ছুটির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছে। আগামীকাল এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। ঈদের পরে ছুটি হলে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এবং পরে শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি অনেক বেশি হওয়ায় ঈদের আগে ছুটির প্রস্তাব করা হয়েছে। যদিও এখনো তা চূড়ান্ত হয়নি। জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে।
ঈদের ছুটি হতে পারে সাত দিন
স্টাফ রিপোর্টার
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
