যাত্রী সেজে মোটরসাইকেল চালককে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রী বেশে মো. আজম উদ্দিন (২৫) নামে এক মোটরসাইকেল চালককে অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ভূজপুর থানার দাঁতমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃত আজম উপজেলার দাঁতমারা ইউনিয়নের তোফায়েল আহমদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় আজমের ছোট ভাই মিজানুর রহমান ইমন বাদী হয়ে বুধবার সকালে ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আজমের ভাই মূসা বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে দাঁতমারা বাজার থেকে একজন যাত্রী নিয়ে আজম খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উদ্দেশ্যে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। সারাদিন আমরা যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু ফোন বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ আজমের নম্বর থেকেই আমাদের কাছে ফোন আসে। ফোনে জানায়, তারা আমার ভাইকে জিম্মি করে রেখেছে। তাকে ছাড়িয়ে নিতে ২০ লাখ টাকা দিতে হবে বলে জানানো হয়। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দেয়। ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, আমরা নিখোঁজের জিডি পেয়েছি। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণকারীদের শনাক্ত করতে আমরা কাজ করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন