ময়মনসিংহে অভাব-অনটনে পড়ে পথ হারিয়ে যৌন পাচারের শিকার অথবা যৌন পাচারের চরম ঝুঁকিতে থাকা এমন ৫ জন কিশোরীর কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। ফলে অন্ধকার জগৎ থেকে ফিরে আসা পথভোলা এসব কিশোরী নতুন করে পরিবার-পরিজন নিয়ে বাঁচার স্বপ্ন বুনছে। সরকারি ও বেসরকারি সহযোগিতায় তাদের নির্মাণ করে দেয়া হয়েছে স্বপ্নবুনন ফ্যাশন অ্যান্ড টেইলার্স। এমন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। গত ৫ই ফেব্রুয়ারি স্বপ্নবুনন ফ্যাশন অ্যান্ড টেইলার্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে কিশোরীদের কার্যক্রম। সরজমিন দেখা যায়, কেউ সেলাইয়ে আবার কেউ বেচা-বিক্রিতে ব্যস্ত। এমন কর্মযজ্ঞে নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এক সময় বিপথে চলা এই ৫ কিশোরী। ২ লাখ ২০ হাজার টাকায় নগরীর আর কে মিশন রোডে শিশু যৌন পাচার ও বাণিজ্যিক যৌন শোষণ নিরসনকল্পে স্বপ্নবুনন ফ্যাশন অ্যান্ড টেইলার্স প্রদান করে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবেশন। সেখানে ন্যায্য মূল্যে টেইলারিং, পোশাকের কাপড়, ব্লক-বাটিক, লন্ড্রি, কসমেটিকস, নারী সামগ্রী, এমব্রয়ডারি, রিপু, নিত্যপণ্য, শিশুসামগ্রী ও খাবার পাওয়া যাচ্ছে। সুবিধাভোগী ৫ কিশোরীর মধ্যে ২ জনের বয়স ১৮ বছরের কম, বাকি ৩ জনের ২০ বছরের নিচে। এর মধ্যে একজন বিবাহিত। সুবিধাভোগী এক কিশোরী বলেন, অন্ধকার জীবন থেকে বের হওয়া একটা সময় কল্পনা ছিল। এখন সবকিছুই বাস্তব মনে হচ্ছে। জীবনটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আরেক কিশোরী বলেন, প্রতিনিয়ত বেচা-বিক্রি বাড়ছে আমাদের। পণ্য কিনে আমাদের প্রতি অনেকেই সদয় দেখাচ্ছেন। আমরাও প্রকৃত সেবার মাধ্যমে নিজেরা উপকৃত হওয়ার। স্বপ্নবুনন পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাহরিন সুলতানা নীলা বলেন, আমাদের মূল লক্ষ্য যৌনপল্লী ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত যৌনকর্মীদের শিশু ও মায়েদের সুরক্ষায় সরকারি সেবা কার্যক্রমে প্রবেশিকার নিশ্চিত করা। তৎকালীন জেলা প্রশাসক মফিদুল আলম নগরীর যৌনপল্লী পরিদর্শন করেন। তখন শিশু যৌন পাচার ও বাণিজ্যিক যৌন শোষণ নিরসনকল্পে করণীয় সম্পর্কে যৌনপল্লীতে কর্মরত শাপলা মহিলা সংস্থাকে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেন। জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, স্বপ্নবুননে নিয়োজিত কিশোরীরা সততা, ন্যায়নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করলে তাদের সফলতা আসবে। যেকোনো প্রয়োজনে পাশে থাকার কথাও জানান তিনি।
স্বপ্নবুননে নতুন স্বপ্ন দেখছেন অন্ধকার জগৎ থেকে ফেরা ৫ কিশোরী
ময়মনসিংহ প্রতিনিধি
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
