কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতের কার্যক্রম দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পরিচালিত হচ্ছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে বিচারপ্রার্থী, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সকলে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। ১৯৮৩ সালে নির্মিত এই পুরাতন ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও ঝুঁকি নিয়ে এখানেই আদালতের সব কার্যক্রম চালানো হচ্ছে। দূরত্ব বিবেচনায় ২০১৩ সালে কুষ্টিয়া জেলা জজ আদালত ভবন থেকে দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতটি দৌলতপুর উপজেলা চত্বরে পূর্বের জরাজীর্ণ ভবনে স্থানান্তর করা হয়। এরপর থেকে কোনো বড় ধরনের সংস্কার না হওয়ায় ভবনটির ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। বিশেষ করে প্রবেশদ্বারের উপরের অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেকোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ছাড়াও ভবনে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও বেড়েেেছ। বিদ্যুৎ সংযোগ লাইনের অবস্থাও ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আদালতে আগত সেবাগ্রহীতাদের জন্য নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা কিংবা কোনো পাবলিক টয়লেট। ফলে নারী, বৃদ্ধ ও দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরাও পড়েন চরম ভোগান্তিতে। আইনজীবীদের জন্যও নেই কোনো আলাদা কক্ষ বা দাপ্তরিক সুবিধা। সারা বছর আদালতের বারান্দায় টেবিল বসিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। আদালত কর্তৃপক্ষ ভবন সংস্কারের জন্য কুষ্টিয়া জেলা নির্বাহী প্রকৌশলীর কাছে বারবার লিখিতভাবে জানালেও এখনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, আদালত ভবনে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ২০২৪ এর ৮ই মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হলেও সেটিও আজও কার্যকর হয়নি। এ বিষয়ে উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতের এডভোকেট শামসুল হক খান বলেন, দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় অত্যন্ত কষ্টে আদালতের কার্যক্রম চালাতে হচ্ছে। তিনি দ্রুত সংস্কারের দাবি জানান। আদালতের সেরেস্তাদার মো. সাইফুল ইসলাম জানান, প্রায়ই ছাদের পলেস্তারা খসে পড়ে এবং মোটরসাইকেল রাখার বারান্দাটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষাকালে বৃষ্টির পানিতে মামলার গুরুত্বপূর্ণ ফাইলপত্র ভিজে যাওয়ার ঘটনাও ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। এমতাবস্থায় বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জরাজীর্ণ ভবনে চলছে আদালতের কার্যক্রম, দুর্ঘটনার শঙ্কা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
