নেত্রকোণার বারহাট্টার রায়পুর গ্রামে দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে ওই গ্রামের আবুল হাসেমও তার লোকজনের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই গ্রামের দিপায়ন দত্ত মজুমদার ববি, অর্ণব দত্ত মজুমদার ও কাঞ্চন দত্ত মজুমদার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক লিখিত অভিযোগ করেছেন। গতকাল অভিযোগকারীরা বিষয়টি নেত্রকোণা জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের জানান।
অভিযোগে জানা গেছে, উপজেলার রায়পুর গ্রামের শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের স্বত্ব দখলীয় দেবোত্তর সম্পত্তি ভুলক্রমে বাংলাদেশ সরকারের নামে অর্পিত সম্পত্তি ‘খ’ গেজেট ভুক্ত হয়ে যায়। যা ওই গ্রামের প্রতারণার মাধ্যমে মুক্তুল হোসেনের স্ত্রী হাসনা বানু বি আরএস রেকর্ড করে। দেবোত্তর সম্পত্তি দখলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে একই গ্রামের আবুল হাসেম, মো. মাসুদ মিয়া, মাজহারুল ইসলাম, এমদাদুল হক, শহীদ মিয়া চেষ্টা করছেন। ভুলক্রমে বি আর এস বাতিলের জন্য মন্দিরের পক্ষে সেবায়েতগণ যুগ্ম জেলা জজ ১ম আদালত, জোত স্বত্ব ঘোষণা মামলা করেন। যা বিচারাধীন। মামলা চলমান অবস্থায় আবুল হাসেম তার লোকজন নিয়ে গত বছরের ১৭ই নভেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা মন্দিরের পুরাতন ইটের সীমানা প্রাচীর ও মন্দিরে বিভিন্ন কাজের টিনের ঘর ভেঙে দখলে নেয়ার চেষ্টা চালায়। মন্দিরের আধিদার কোরবার আলী বাধা দিলে হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় গত ২৩শে নভেম্বর বারহাট্টা থানায় মামলা করা হয়। এরপর গত ২৭শে ফেব্রুয়ারি কিছু লোক দেবোত্তর সম্পত্তিতে থাকা কিছু বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে যায় এবং মন্দিরের অস্থায়ী ঘর ভেঙে নেয়ার চেষ্টা চালায়। পরে মন্দিরের সেবায়েতগণ বাধা প্রদান ও বিষয়টি বারহাট্টা থানার ওসিকে জানালে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। মন্দিরের সম্পত্তি দখল চেষ্টাকারীরা সেবায়েতগণকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের সেবায়েত দিপায়ন দত্ত মজুমদার ববি, অর্ণব দত্ত মজুমদার ও কাঞ্চন দত্ত মজুমদার গত ১লা মার্চ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারীরা মন্দিরের সম্পত্তি যাতে করে জোরপূর্বক বেদখল না করা হয় সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তবে আবুল হাসেমের ছেলে এমদাদুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মন্দিরের জায়গা দখলের চেষ্টা করছি না। ওই জায়গা আমরা কিনে রেখেছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
বারহাট্টায় দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
নেত্রকোণা প্রতিনিধি
৫ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
