রাতে অভিযান, মাদক সেবন ও বহনের দায়ে চার যুবকের কারাদণ্ড

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে রাতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ৬ মাস ও বাকি তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ড দেয়া হয়। গত মঙ্গলবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার গুয়াখোলা গ্রামের শাহীমোড়, নওয়াপাড়া মডেল স্কুল ও তালতলা রেলস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, পৃথক অভিযানে মাদক সেবন ও বহনের দায়ে চার যুবককে আটক করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। আটক গুয়াখোলা গ্রামের বাবুল শেখকে (২৮) গাঁজা সেবন ও বহনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মহাকাল গ্রামের তরিকুল ইসলাম (৩০) ও একই গ্রামের আজাদ বিশ্বাসকে (২৯) গাঁজা সেবন ও বহনের দায়ে এক বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট সেবন ও বহনের দায়ে জাফরপুর গ্রামের সুমন মোল্যাকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত চারজনকে বুধবার সকালে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন