এলজিআরডি প্রতিমন্ত্রীর কাছে উন্নয়নের যে দাবি জানালেন এমপি এমরান

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সফরে আসলেন। তাকে কাছে পেয়েই নিজ নির্বাচনী এলাকার মানুষের দুর্ভোগের বিষয় তুলে ধরে উন্নয়ন প্রকল্পের চাহিদা ব্যক্ত করলেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। মন্ত্রীর কাছ থেকে আদায়ও করে নিলেন প্রতিশ্রুতি। সিলেটে সফররত প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের এমপি বলেন, চারটি ইউনিয়নের বাসিন্দাসহ লাখো মানুষ দু’টি ব্রিজের জন্য থানা সদর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এই দুই উপজেলার উপর দিয়ে কুশিয়ারা ও সুরমা- এই দুই নদী বয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে অন্তত একটি ব্রিজ প্রয়োজন। এ ছাড়া, বড় কয়েকটি সড়কের অবস্থা খুবই খারাপ। এগুলো সংস্কার করতে হবে এবং নতুন কয়েকটি রাস্তারও প্রয়োজন। এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করা প্রয়োজন। এমরান আহমদ চৌধুরীর কথা শুনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তৎক্ষণাৎ সংশ্লিষ্ট প্রকৌশলীকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এদিকে, গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল এবং দেশ ও প্রবাসের অনলাইন গ্রুপের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের সংসদ সদস্য বলেন, গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নকে আর অবহেলিত রাখা হবে না। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বসন্তপুর-কোটালিপাড়া সড়কের উন্নয়ন এবং হাকালুকি হাওরকেন্দ্রিক টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, প্রবাসীরা শরীফগঞ্জের উন্নয়নের অন্যতম শক্তি। দেশ-বিদেশে থাকা নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঐক্যবদ্ধ সহযোগিতায় এ ইউনিয়নকে একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন