নিয়মিত কার্যক্রমে ৩ ক্ষেত্রকে অগ্রাধিকার দেবে ডিএনসিসি

নিয়মিত কার্যক্রমে ৩ ক্ষেত্রকে অগ্রাধিকার দেবে ডিএনসিসি

ফন্ট সাইজ:

সিটি করপোরেশনের নিয়মিত কাজের ক্ষেত্রে মশক নিয়ন্ত্রণ; বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করা; বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবেলাসহ তিন বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। বুধবার ডিএনসিসির সম্মেলন কক্ষে এক সভায় প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এ বিষয়ে নির্দেশনা দেন।
সভায় ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের নিয়মিত কার্যক্রম চলমান রাখার পাশাপাশি শহরের মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিয়ন্ত্রণের কাজকে বিশেষ অগ্রাধিকারের মাধ্যমে ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের জন্য একযোগে কাজ করে যেতে হবে। প্রতিদিন তিনবার মশক নিধন কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না তা সরজমি তদারকি করতে হবে। একই সঙ্গে রাস্তায় যত্রতত্র বর্জ্য ফেলে রাখা হচ্ছে কি না এবং ড্রেন ও খালসমূহ নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে কি না- পর্যবেক্ষণ করতে হবে।
সভায় উপস্থিত থাকা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, শুধু দাপ্তরিক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাঠপর্যায়ে উপস্থিত থাকতে হবে। নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিতে হবে এবং ডিএনসিসির কর্মীবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে কি না তা নিশ্চিত করতে হবে। এসময় প্রশাসক বলেন, আমরা যদি নিয়মিত খালগুলো পরিষ্কার করতে পারি, নগরবাসী মশার অত্যাচার থেকে অনেকাংশে রেহাই পাবেন।


Ahmed Ashab Ferdous

৩ মাস আগে

যত্রতত্র দোকান ও রিক্সা স্ট্যান্ড-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কি ডিএনসিসি? মনে হয় পারবে না। কেউই পারে'নি।

মন্তব্য করুন