যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষবিদায় জানাতে অনুষ্ঠানিকতা শুরু করেছে ইরান। স্থানীয় সময় বুধবার রাত ১০ থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই আনুষ্ঠানিকতা টানা তিন রাত চলবে। সংশ্লিষ্টরা আরও জানিয়েছে, খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহর হচ্ছে খামেনির জন্মস্থান। ইরানের সর্বোচ্চ এই নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের মুসাল্লাহ বা ধর্মীয় সভাস্থলে দেশটির কোটি কোটি শোকার্ত মানুষ জরো হবেন বলে আশা করা হচ্ছে। রেডিও তেহরানের এক খবরে বলা হয়, খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সর্বস্তরের জনগণকে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে কোটি কোটি শোকার্ত মানুষের সমাবেশ ঘটবে বলে মনে করা হচ্ছে। গত শনিবার সকাল নয়টায় তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন। যুদ্ধ চলাকালীন সময়েই ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার প্রয়াত ইমাম খোমেনীর মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খামেনি প্রায় ৩৭ বছর ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ শাসন করেছেন। তিনি ইরানে দুইবার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। মার্কিন সরকারের মদদপুষ্ট শাহ সরকারের আমলে জেল-জলুম ও নির্বাসনের শিকার হওয়া খামেনিকে ১৯৮০’র দশকেও কয়েকবার হত্যার চেষ্টা করা হয়। একবার তিনি মারাত্মক আহত অবস্থায় বেঁচে যান।
টানা তিন রাত চলবে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
৪ মার্চ (বুধবার), ২০২৬, ৫ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
