আগামী মে তে বাংলাদেশ সফরের আগে বড় চমক উপহার দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির গণমাধ্যম সামা টিভি ও জিও নিউজের খবর, পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন সরফরাজ আহেমদ। বাংলাদেশ সফর দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন দেশটির সাবেক অধিনায়ক।
জিও নিউজের সূত্রের খবর, ৩৮ বছর বয়সী সরফরাজের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা স্রেফ সময়ের ব্যাপার। গত অক্টোবর থেকে ‘মেন ইন গ্রিন’দের টেস্ট দলের প্রধান কোচের পদটি খালি ছিল। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন আজহার মাহমুদ। পরে দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে তার মেয়াদ শেষ হয়। সামা টিভি জানায়, দীর্ঘ মেয়াদে লাল বলের দলের শক্তি বাড়াতেই সরফরাজকে বেছে নিয়েছে পিসিবি। আগামী মে মাসে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। জিও নিউজের খবর, এ সিরিজ দিয়েই টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যাত্রা করতে পারেন দেশটির সাবেক উইকেটকিপার-ব্যাটার।
গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপাজয়ী পাকিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন সরফরাজ। ধারণা করা হচ্ছে, সেখানে সফল হওয়ার পরই তাকে জাতীয় দলের এই বড় দায়িত্ব দেয়া হচ্ছে। পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত সরফরাজ দেশের হয়ে ৫৪ টেস্ট ম্যাচে অংশ নেন। ২১ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে ৩৭.৪১ গড়ে তার মোট রান ৩,০৩১। ১১৭ ওয়ানডে খেলে ৩৩.৫৫ গড়ে করেন ২,৩১৫ রান। এই সংস্করণে ১১ ফিফটি ও ২টি সেঞ্চুরি আছে এক সময়ের এ তারকা ব্যাটারের। টি-টোয়েন্টিতে ৬১ ম্যাচে ১২৫.২৬ স্ট্রাইক রেটে সরফরাজের রান ৮১৮। তার নেতৃত্বেই ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ চক্রের অংশ হিসেবে ৮ই মে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ ১৬ই মে থেকে। এর আগে চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে দু’দলের।
