বিশ্বকাপের আগেই বিদায়ঘন্টা রদ্রিগোর

বিশ্বকাপের আগেই বিদায়ঘন্টা রদ্রিগোর

ফন্ট সাইজ:

স্প্যানিশ লা লিগায় গেটাফের বিপক্ষে হারের রাতটি রদ্রিগো গোয়েজের ক্যারিয়ারের জন্য এক অভিশপ্ত ম্যাচ হয়ে থাকলো। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) এবং ল্যাটারাল মেনিস্কাস পুরোপুরি ছিঁড়ে গেছে এ সেলেসাও তারকার। এক আনুষ্ঠানিক বিবৃতিতে মঙ্গলবার রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, এই মৌসুম তো বটেই, এমনকি আসন্ন বিশ্বকাপেও মাঠে নামা হচ্ছে না রদ্রিগোর। অন্তত ৮ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

কঠিনতম এই খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ ধরে রাখতে পারেননি রদ্রিগো। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘এটি আমার জীবনের নিকৃষ্ট দিনগুলোর একটি। এ চোটকে আমি সবসময় ভয় পেতাম। হয়তো জীবন আমার প্রতি কিছুটা নিষ্ঠুরতা দেখাল। এটি আমার প্রাপ্য কি না, আমি জানি না। তবে এই ক্যারিয়ারে অনেক না পাওয়া সাফল্যও তো পেয়েছি। এখন আমাকে শক্ত থাকতে হবে।’

দেশের জার্সিতে বিশ্বকাপে খেলার চেয়ে বড় স্বপ্ন হয়তো কোনো ফুটবলারের নেই। ব্যতিক্রম নন রদ্রিগোও। সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার কষ্টে ২৫ বছর বয়সী সেলেসাও তারকা আরও লেখেন, ‘সবচেয়ে বড় বাধা হয়ে এলো এই চোট। ক্লাব মৌসুম শেষ, দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নও শেষ। এই স্বপ্ন আমার কাছে কী ছিল, তা সবাই জানে।’

চোটের থাবায় এমন কষ্টের কথা নেইমার জুনিয়র ছাড়া ভালো আর কেইবা জানেন। এমন দুঃসময়ে নিজের আদর্শ ও জাতীয় দলের সেই সতীর্থকে পাশে পাচ্ছেন রদ্রিগো। একই ধরণের চোট সহ্য করা নেইমার লেখেন, ‘আমার নাম্বার ১০, আমার ছেলে, আমার উত্তরসূরি... শুধু একটি অনুরোধ, নিজের মনকে শক্ত রাখো। তোমার ভালোবাসার মানুষদের পাশে রাখো। তুমি বলেছিলে, এটি (চোট) তোমার প্রাপ্য নয়। তবে ঈশ্বরের পরিকল্পনার ওপর আমাদের হাত নেই। আমি নিশ্চিত তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে। আমি তোমার পাশে আছি।’

চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলা রদ্রিগোর গোলসংখ্যা ৩টি ও অ্যাসিস্ট ৬টি। তার এই কঠিন সময়ে সংহতি প্রকাশ করে দ্রুত সুস্থতার কামনা করছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বার্নাব্যু থেকে রিও ডি জেনেইরো, সবখানেই এখন একই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে সাম্বার ছন্দে ফিরে আসুক রদ্রিগো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন