আগামী বিশ্বকাপেও থাকতে চান সিকান্দার রাজা

আগামী বিশ্বকাপেও থাকতে চান সিকান্দার রাজা

ফন্ট সাইজ:

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার নতুন লক্ষ্যের কথা জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের হাল ধরতে মুখিয়ে আছেন তিনি।
৩৯ বছর বয়সেও এবার মাঠের যে ক্ষিপ্রতা রাজা দেখিয়েছেন, তাতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘শেভরন’ দের জার্সিতে তার থাকাটা সময়ের দাবি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতে হতে যাওয়া সে বিশ্বকাপের টিকিট ইতোমধ্যে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। সুপার এইটে জায়গা করে নেয়ায় এবার আর বাছাইপর্বের বাধা পেরোতে হবে না তাদের। সেই পরিকল্পনা নিয়ে রাজা বলেন, ‘২০২৮ সাল অনেকের কাছে বেশ দূরের পথ মনে হতে পারে। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকেই সামনে এগিয়ে যেতে চাই। আমরা ড্রেসিংরুমে এমন এক সংস্কৃতি তৈরি করেছি, যে আমি থাকি বা না থাকি, দলটি এখন অটো-পাইলট মোডে চলবে।’
এবারের বিশ্বকাপে রাজা প্রমাণ করেছেন যে, কেন তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় রাখা হয়। বিশেষ করে, সুপার এইটে গতবারর রানার্সআপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। আসরে নিজেদের শেষ ম্যাচটিতে স্রেফ ৪৩ বলে ৭৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন রাজা। পরে বল হাতে ২৯ রানে তুলে নেন ৩ উইকেট। এর মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে এক ম্যাচে ফিফটি ও ৩ উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়েন জিম্বাবুয়ে ক্রিকেটের প্রানভোমরা। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে রাজা একটি বড় মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশ্বের স্রেফ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করেন রাজা।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে ওঠে জিম্বাবুয়ে। যদিও সুপার এইটে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের মালা পড়তে পারেনি তারা। রাজা একে বড় শিক্ষা হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘সুপার এইটে আমরা হারলেও, প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি। অধিনায়ক হিসেবে আমি ছেলেদের নিয়ে গর্বিত।’
রাজার বিশ্বাস, ব্রায়ান বেনেটদের মতো তরুণদের উত্থান জিম্বাবুয়ের ক্রিকেটের ভবিষ্যৎ পাল্টে দেবে। তিনি বলেন, ‘অভিভাবকরা এখন তাদের সন্তানদের ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিতে উৎসাহ দেবেন। আমাদের খেলোয়াড়দের পাইপলাইন এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন