ইংলিশ প্রিমিয়ার লীগে এক রূপকথার রাত কাটলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। অন্যদিকে লিভারপুলের জন্য মঙ্গলবারের রাতটি হয়ে থাকলো দুঃস্বপ্নের। পয়েন্ট তালিকার তলানিতে থাকা উলভসের মাঠে ২-১ গোলে হেরে শিরোপার দৌড় থেকে আরও ছিটকে গেল অলরেডরা। নির্ধারিত সময়ের যোগ করা চতুর্থ মিনিটে আন্দ্রের গোলে হতাশায় ডোবে লিভারপুল। এ নিয়ে চলতি মৌসুমে মোট পাঁচবার যোগ করা সময়ে গোল খেয়ে হারলো আর্নে স্লটের দল। প্রিমিয়ার লীগের ইতিহাসেই এক মৌসুমে ৯০ মিনিটের পর গোল খেয়ে এতগুলো ম্যাচ হারার নজির নেই আর কোনো দলের।
ম্যাচ শেষে বিধ্বস্ত স্লট সরাসরি আঙুল তোলেন দলের আক্রমণভাগের দিকে। তিনি বলেন, ‘সেই একই গল্প। আমরা ঠিকই বল দখলে রাখছি, তবে ওপেন প্লে থেকে গোল করার লোক নেই। সেট-পিস থেকে গোল পেয়ে কয়েকটা ম্যাচ উতরে যাই। তবে এভাবে দিনের পর দিন যোগ করা সময়ে গোল খাওয়া মেনে নেয়া যায় না।’
মোলিনাক্স স্টেডিয়ামে প্রথমার্ধে সফরকারী লিভারপুল ছিল একেবারেই ছন্নছাড়া। মোহাম্মদ সালাহ-কোডি গ্যাকপোদের ছন্দহীন ফুটবল যেন প্রথম থেকে আরেকটি অঘটনের ইঙ্গিত দিচ্ছিল। গোলশূন্য স্কোরলাইনেই বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৭৮তম মিনিটে বদলি হিসেবে নামা রদ্রিগো গোমেসের দারুণ এক ফিনিশিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। ভার্জিল ভ্যান ডাইক ও কোনাতেকে বোকা বানিয়ে লিভারপুলের আগত সমর্থকদের স্তব্ধ করে দেন এ পর্তুগিজ ফরোয়ার্ড।
৮৩তম মিনিটে জায়ান্টদের সমতায় ফেরান সালাহ। বদলি হিসেবে নামা ১৭ বছর বয়সী বিস্ময় বালক রিও নুমোহার পাস থেকে বাঁ পায়ের দৃষ্টিনন্দন শটে জাল খুঁজে নেন তিনি। লীগে নিজের ১০ ম্যাচ পর অবশেষে গোলের মুখ দেখেন এ মিশরীয় তারকা। তিনি সবশেষ গোল করেন গত নভেম্বরে, অ্যাস্টন ভিলার বিপক্ষে। চলতি মৌসুমে লীগে সালাহর গোল হলো ৫টি। তবে গল্পের তখনও বাকি। ম্যাচের শেষ মুহূর্তে আন্দ্রের দূরপাল্লার শটটি যখন অলরেড ডিফেন্ডার জো গোমেসের গায়ে লেগে জালে জড়ায়, তখন লিভারপুল শিবিরে যেন হাহাকার পড়ে যায়।
জয়ের পর উলভস কোচ রব এডওয়ার্ডসকে সাইডলাইনে পাগলাটে উল্লাস করতে দেখা যায়। তিনি বলেন, ‘আমার হৃদযন্ত্রের জন্য এসব ম্যাচ একদমই ভালো নয়, তবে এমন জয়ের নেশায় আমি বারবার পড়তে রাজি।’ অন্যদিকে, হারের বৃত্তে ঘুরপাক খাওয়া স্লট এখন তাকিয়ে আগামী শুক্রবারের এফএ কাপের ম্যাচে। সেখানে পঞ্চম রাউন্ডে আবারও এই উলভসের মাঠেই লড়তে হবে তার দলকে।
এদিনের পরাজয়ে পয়েন্ট টেবিলের পাঁচেই আটকে থাকলো লিভারপুল। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের খাতায়। আজ রাতে অ্যাস্টন ভিলার মাঠে চেলসি জিতলে আরও এক ধাপ নিচে অর্থাৎ ছয়ে নেমে যাওয়ার শঙ্কা আছে অলরেডদের।
