ঈদ ইত্যাদিতে রাজ-সাবিলা

ঈদ ইত্যাদিতে রাজ-সাবিলা

ফন্ট সাইজ:

এবারের ঈদের জন্য নির্মিত বিশেষ ইত্যাদির দলীয় সংগীতেও বরাবরের মতো তুলে ধরা হয়েছে নানান অবক্ষয় ও অসঙ্গতি। বিনোদনের মাধ্যমে সামাজিক ক্ষত নিরাময়ের এক অদ্ভুদ অস্ত্র হচ্ছে ইত্যাদির এসব গান। সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় সমাজের চারিদিকে জালের মতো ছড়িয়ে থাকা মিথ্যা ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতি-নৈতিকতা ও বাস্তবতা। বাল্যকালে শেখা নীতি কথা-কর্মকালে এসে-মর্মহীন হয়ে যায়, যা অনেকেই বোঝেন না- এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে দলীয় সংগীতটি। এই পর্বে অংশগ্রহণ করেছেন হালের জনপ্রিয় নায়ক শরীফুল রাজ এবং দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন। ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। গত ২৪শে জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস্‌ লিমিটেড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন