বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান রক্ষিতাসহ গ্রেপ্তার

ফন্ট সাইজ:

বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে মুরাদনগর উপজেলা ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন টহল ও মাদক উদ্ধার অভিযানের সময় এসআই নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে মো. রিগ্যান ভূঁইয়া (৩৬) ও তার রক্ষিতা ইমা আক্তার (৩০) দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় রিগ্যান ভূঁইয়ার দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
গত কয়েক বছর ধরে কথিত রক্ষিতা ইমা আক্তারকে ভাড়া বাসায় রেখে তাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে রিগ্যান এবং তার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে আসছে দীর্ঘদিন ধরে। রিগ্যান ভূঁইয়ার ডজনখানেক এজেন্ট নিয়োগ দেয়া আছে, কয়েকটি উপজেলা থেকে নিয়মিত পাইকারি ও খুচরা কাস্টমার আসে তার নিকটে। রিগ্যানের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, মাদক মামলাসহ ডজনখানেক মামলা আছে। বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের বলেন, মাদকবিরোধী অভিযানে কথিত বান্ধবী ইমার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দু’জনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন