যশোরের অভয়নগরে শেখ জাহান আলী (৫১) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত জাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। শেখ জাহান বানিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখের ছেলে। আহতের ছেলে রিফাত বলেন, গত সোমবার তারাবির নামাজ শেষে বাড়ির সামনে পৌঁছালে এলাকার ১০-১২ জন চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহকারে বাবার ওপর হামলা চালায়। এসময় বাবার চিৎকারে আমরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আলী আকুঞ্জি বলেন, চিকিৎসা চলাকালীন আহত জামায়াতকর্মী বলেছিলেন, স্থানীয় বিএনপিকর্মী রিপন সরদার ও মোতাহার হোসেনের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী তার ওপর হামলা চালিয়েছিল। অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাড়ির সামনে জামায়াতকর্মীকে কুপিয়ে জখম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
