কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্ব মরিচ্যা এলাকায় সেহ্রির সময় ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি মালয়েশিয়া প্রবাসী আব্দুল শুক্কুরের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সেহ্রির সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে বসতঘরে ঢুকে ওই গৃহবধূর ওপর হামলা চালায়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা জানান, নিহত নারী রাতের খাবার শেষে তার সাত বছর বয়সী ছেলে ও চার বছর বয়সী মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে ছেলে ঘুম থেকে উঠে মা’কে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। প্রাথমিকভাবে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পূর্ব-শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উখিয়ায় সেহ্রির সময় গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৪ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
