সিলেটে ২৫ লাখে লন্ডনের জাল ভিসা বিক্রি করতো মনির

ফন্ট সাইজ:

লন্ডনের নামে সিলেটে প্রতারণার নানা ফাঁদ। এর মধ্যে একটি চক্র হচ্ছে ২৫ লাখ টাকায় জাল ভিসা বিক্রি করতো। এতে প্রতারিত হয়েছেন অনেকেই। সোমবার বিকালে জাল ভিসা চক্রের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন যোগারকুল এলাকার বাসিন্দা মো. আরিফ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে বিদেশ যাওয়ার বিষয়ে যোগাযোগ করেন। অভিযুক্ত মো. মনসুর আলী তালুকদার ও মনির আহমেদ এজেন্সির মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কাজ করেন বলে পরিচয় দেন। ফেসবুকে প্রাথমিক যোগাযোগের পর ভুক্তভোগীকে একটি এজেন্সি কার্যালয়ে ডেকে নেয়া হয়, যেখানে ২৫ লাখ টাকার বিনিময়ে দুই থেকে তিন মাসের মধ্যে লন্ডনের ভিসা করে দেয়ার আশ্বাস দেয়া হয়। চুক্তি অনুযায়ী প্রথমে তিন লাখ টাকা এবং ভিসা পাওয়ার পর বাকি অর্থ পরিশোধের কথা থাকলেও ভুক্তভোগী বিভিন্ন সময়ে নগদ ১৬ লাখ ও ব্যাংক হিসাবে ছয় লাখ টাকাসহ মোট ২৫ লাখ টাকা প্রদান করেন। গত বছরের ২১শে ডিসেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে ভুক্তভোগী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় কর্তব্যরত কর্মকর্তা তার পাসপোর্টে সংযুক্ত ভিসা স্টিকারটি জাল বলে শনাক্ত করেন। পরে তিনি ঢাকার বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট মহানগরীর শাহপরান থানার তামাবিল রোডের দাসপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শাহপরান ইসলামপুরের বাসিন্দা মনির আহমেদ আব্দুল রউফের ছেলে মনির আহমদকে আটক করা হয়। তার বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে বলে জানা গেছে। আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন